আপিল বিভাগে বিচারপতি হাবিবুল গনি: সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা ৫ জন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি। এ নিয়োগের মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারক জনাব মোঃ হাবিবুল গনি-কে তাঁর শপথ গ্রহণের তারিখ হতে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের বিচারক নিয়োগদান করেছেন।’

শপথ গ্রহণের মধ্য দিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে যুক্ত হবেন। তার যোগদানের পর আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াবে ৫ জনে।

দীর্ঘ আইন পেশার পর ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ২০১২ সালের ১৫ এপ্রিল তাকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে তিনি দেওয়ানি ও ফৌজদারি—দুই ধরনের মামলার শুনানিতে দায়িত্ব পালন করেছেন। সুপ্রিম কোর্টের বিভিন্ন সময়ের কার্যতালিকা পর্যালোচনায় দেখা যায়, বিচারপতি হাবিবুল গনি বিভিন্ন বিচারপতির সঙ্গে বেঞ্চে বসে ফৌজদারি আপিল, জামিন, রিভিশন, মৃত্যুদণ্ডের রেফারেন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা শুনেছেন।

Exit mobile version