খুলনা

সাতক্ষীরার সাংবাদিক ও নাগরিক অধিকার নেতা জি এম নুর ইসলাম আর নেই

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি এবং সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত-এর সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলাম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বৃহস্পতিবার দুপুরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সেস অ্যান্ড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

জি এম নুর ইসলাম দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্য প্রকাশের মাধ্যমে সাতক্ষীরার সংবাদ জগতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সম্পাদিত দৈনিক দৃষ্টিপাত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কণ্ঠস্বর হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিতি লাভ করেছে।

সাংবাদিকতার পাশাপাশি তিনি সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি হিসেবে অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রেখেছেন। সমাজসেবা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তিনি ছিলেন সুপরিচিত মুখ।

তার মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন এবং নির্বাহী সদস্যরা পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে তাঁর মরদেহ সাতক্ষীরায় পৌঁছাবে। শুক্রবার জুমার নামাজের পর সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button