ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মানতে বাধ্য নয় পাকিস্তান, কেন এমন কড়া বার্তা?

তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত একপাক্ষিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা মেনে চলতে পাকিস্তান বাধ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ইসলামাবাদ। ওয়াশিংটনের এই নতুন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের পরিপন্থী উল্লেখ করে যেকোনো সংকট আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দিয়েছে দেশটি।
আজ বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহের আন্দারাব এ কথা জানান।
সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, পাকিস্তান মনে করে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের এই একপাক্ষিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কোনো সংকট সমাধানের ক্ষেত্রে কঠোর অর্থনৈতিক অবরোধ বা নিষেধাজ্ঞার চেয়ে কূটনৈতিক আলোচনা ও সংলাপই একমাত্র সঠিক পথ।
এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে বেশ কিছু নতুন অর্থনৈতিক ও আর্থিক নিষেধাজ্ঞার ঘোষণা দেন। ট্রাম্প প্রশাসন তেহরানকে ছাড় দিতে বাধ্য করার কৌশল হিসেবে এই অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। তবে যুক্তরাষ্ট্রের এই সর্বাত্মক আর্থিক অবরোধ ও হুমকি সত্ত্বেও পাকিস্তান তাদের নিজস্ব পররাষ্ট্র নীতি ও আঞ্চলিক স্বার্থ রক্ষায় এই নিষেধাজ্ঞা না মানার বার্তা দিল।





