চট্টগ্রাম

রাসুল (সা.)-এর শুভাগমন মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত

আওলাদে রাসুল পীর আল্লামা সৈয়দ মুহম্মদ সাবির শাহ বলেছেন, আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর শুভাগমন সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত ও রহমত। তার আদর্শ অনুসরণ এবং তাঁর প্রতি নিষ্কলুষ ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

শুক্রবার (২৮ আগস্ট) চট্টগ্রামের ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে জুমার নামাজ-পরবর্তী মাহফিলে তিনি এসব কথা বলেন। দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মুহম্মদ সাবির শাহ বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন মানবতার জন্য সর্বোত্তম আদর্শ। তিনি অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার শিক্ষা নিয়ে আবির্ভূত হয়েছেন। তার আদর্শ অনুসরণ করলেই সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, অন্যায় ও অশান্তি দূর করা সম্ভব।

১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমান ট্রাস্ট আয়োজিত জশনে জুলুস প্রসঙ্গে আল্লামা সাবির শাহ বলেন, নবী করিম (সা.)-এর শুভাগমনে আনন্দ প্রকাশ ঈমানদার মুসলমানের ভালোবাসার বহিঃপ্রকাশ। মহান আল্লাহ তার প্রিয় হাবিবকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। তাই নবীপ্রেমে আনন্দ প্রকাশ এবং তার ওপর দরুদ ও সালাম পাঠের মাধ্যমে দিনটি স্মরণ করা মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি জুলুসকে বৈধ, শরিয়তসম্মত ও আমলে হাসানাহ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, জশনে জুলুস শুধু একটি ধর্মীয় শোভাযাত্রা নয়; এটি নবীপ্রেম, শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি ঐতিহ্যবাহী আয়োজন। চট্টগ্রামে ৫৫ বছর ধরে অত্যন্ত সুশৃঙ্খল ও ব্যাপকভাবে এ জুলুস অনুষ্ঠিত হয়ে আসছে। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী।

আল্লামা সাবির শাহ বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তার সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা, প্রতিবেশীর প্রতি সদাচরণ এবং অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে।

জুমার নামাজে আরও অংশ নেন আওলাদে রাসুল সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ এবং সাহেবজাদা সৈয়দ আকিব আহমদ শাহ।

এ সময় উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসএম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, এইএমবি-এর সচিব অধ্যাপক আবু ছালেহ মুহাম্মদ নঈম উদ্দীন এবং অধ্যক্ষ আবু তালেব বেলালসহ অনেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button