সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমূখে জামায়াত এনসিপির লংমার্চের ঘোষণা ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি সরকার নাকি আওয়ামী লীগের চেয়ে খারাপ আচরণ করছে বিরোধী দলের সঙ্গে। আমি জামায়াত নেতার বক্তব্যের ধিক্কার জানাই। জামায়াত এনসিপি তো আওয়ামী লীগ নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে। জনগণ তাদের মেনে নেবে না।
আজ শুক্রবার (২৮ আগস্ট) বিকালে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, জামায়াত এনসিপির এমপিরা সংসদে সরাকরি দলের এমপিদের মতো সুবিধা চাইছে। তারা কি সুবিধা পাচ্ছে না? জামায়াত ১৭ বছর তাদের কার্যালয়ের তালা খুলতে পারেনি। তারা এখন আওয়ামী লীগ কে সাথে নিয়ে সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। জনগণ জামায়াত এনসিপির সেই স্বপ্ন পুরণ করতে দেবে না।
তিনি বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চলাকালে ১১ দলীয় জোটের এমপিরা বিরোধীতা করেছে, হট্টগোল করেছে। বিরোধী দলের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর গুম হওয়া নিয়ে প্রশ্ন করছে। তারা একদিকে গুম কমিশনে গুমের ঘটনায় বিচার চাইছে, আরেক দিকে সালাহউদ্দিন আহমেদের গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এটাই জামায়াতের চরিত্র।
রাশেদ খান বলেন, এনসিপি যেদিন জামায়াতের সঙ্গে যোগ দিয়েছে, সেদিনই তারা ধ্বংস হয়ে গেছে। সবাই এখন বলে, ‘যাহাই জামায়াত, তাহাই এনসিপি’। জামায়াত – এনসিপি মিলে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা আওয়ামী লীগকে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। আমরা বলতে চাই, তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালালে বাংলাদেশপন্থী জনগণ তাদের বরদাস্ত করবে না ইনশাআল্লাহ।
এর আগে বিকালে রাশেদ খানের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
