ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড প্রসঙ্গে | Barta Bazar

ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে আজ শনিবার ভোর ছয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১৫মিনিট চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম জানান, শহরের দাতিয়ারার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ-১ নির্বাহী প্রকৌশলী মির্জা মোহাম্মদ হাদিস বলেন, বৃষ্টির কারণে সৃষ্ট শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বর্তমানে সার্বিক পরিস্থিতি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।







