বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের প্রসঙ্গে তালিকায় টানা দ্বিতীয়বার ৬৮তম চট্টগ্রাম বন্দর

বিশ্বের ১০০ শীর্ষ বন্দরের তালিকায় টানা দ্বিতীয় বারের মত ৬৮তম অবস্থানে আছে চট্টগ্রাম বন্দর।
লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক সংবাদমাধ্যম লয়েড’স লিস্ট ২০২৫ সালের কনটেইনার পরিবহনের তথ্যের ভিত্তিতে ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৬’ শীর্ষক এ তালিকা প্রকাশ করেছে।
বিশ্বের ব্যস্ততম ১০০ কনটেইনার বন্দরের তালিকায় প্রথম অবস্থানে আছে চীনের সাংহাই বন্দর। দ্বিতীয় সিঙ্গাপুর পোর্ট। আর তৃতীয় অবস্থানে আছে চীনের নিংবো-ঝুশান বন্দর।
২০২৫ সালে সাংহাই বন্দর দিয়ে ৫ কোটি ৫০ লাখ একক কনটেইনার পরিবহন হয়েছে, যা বন্দরটির ২০২৪ সালের হ্যান্ডলিংয়ের তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি।
সিঙ্গাপুর বন্দর দিয়ে ২০২৫ সালে ৪ কোটি ৪৬ লাখ একক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। আগের বছরের তুলনায় তাদের প্রবৃদ্ধি ৮ দশমিক ৬০ শতাংশ।
তৃতীয় অবস্থানে থাকা চীনের নিংবো-ঝুশান বন্দর দিয়ে ৪ কোটি ৩৮ লাখ একক কনটেইনার পরিবহন হয় ২০২৫ সালে। এই বন্দরের প্রবৃদ্ধি ১১ দশমিক ৬০ শতাংশ।
সেই হিসাবে ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনার পরিবহন ৪ দশমিক ১ শতাংশ বেড়েছে। তবে এতে বৈশ্বিক তালিকায় অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের সম্মিলিত কনটেইনার পরিবহন বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ। তার মানে, বিশ্বের সেরা কনটেইনার বন্দরগুলোর গড় প্রবৃদ্ধির চেয়ে চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধির হার কম।
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, “নানা সীমাবদ্ধতার পরও প্রতি বছর চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং বাড়ছে। এখন বন্দর ঘিরে আবার দেশি-বিদেশি বিনিয়োগও আসছে।
কোন বন্দর কত কনটেইনার হ্যান্ডলিং করেছে, সেই তুলনা করে প্রতি বছর লয়েড’স লিস্টের এই তালিকা করা হয়।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের দুটি, পাকিস্তানের একটি এবং শ্রীলঙ্কার একটি বন্দর তালিকায় স্থান পেয়েছে।
তালিকার ২৫ তম ভারতের মুন্দ্রা বন্দর এবং ৩০তম জওহরলাল নেহরু বন্দর। শ্রীলঙ্কার কলম্বো বন্দরের অবস্থান ২৯তম। পাকিস্তানের করাচি বন্দরের অবস্থান ৮৪তম।
লয়েডস লিস্টের ক্রমতালিকায় চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ভালো অবস্থান ছিল ২০২০ সালে প্রকাশিত তালিকায়। সেবার ৫৮তম স্থানে ছিল চট্টগ্রাম বন্দর।







