চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বিশেষ অভিযানে মো. রিয়াজ প্রকাশ রিয়াদ (৩০) নামে এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার রিয়াজ প্রকাশ রিয়াদ ইপিজেড থানার মামলা নং-০৮, তারিখ ১৮ আগস্ট ২০২৬-এর এজাহারনামীয় পলাতক আসামি। তিনি বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুতুবখালী এলাকার মো. ইদ্রিস আলী ও রোকেয়া বেগমের ছেলে। বর্তমানে তিনি ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ সংলগ্ন মাঝির বাড়ি এলাকার রাজুর ভাড়াঘরে বসবাস করছিলেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রিয়াজের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও ছিনতাইসহ মোট সাতটি মামলা রয়েছে।
