কুড়িগ্রামে অনলাইন ক্যাসিনো জুয়ার আসরে ছাত্রদল নেতাসহ ১৬ জন আটক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাতে জড়ো হয়ে অনলাইন জুয়া ক্যাসিনো খেলার সময় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ১৬ জনকে আটক করে পুলিশ। এছাড়া মাদক সেবনের অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা বাজার থেকে ১৬ জন ও কেরামতিয়া উচ্চবিদ্যালয় মাঠ থেকে তিনজনকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলা উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ৯ জনের জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন- নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলা এলাকার আশরাফুল আলম, নাগেশ্বরী পৌর এলাকার বানিয়া পাড়ার রিয়াদ বাবু, সন্তোষপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এরশাদুল মিয়া, ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের রবিউল ইসলাম, রামখানার আস্করনগর হাজীটারী এলাকার আতাউর জামান, একই ইউনিয়নের সুজন রানা, মাদারের কুড়া পূর্ব এলাকার লাবু মিয়া, রায়গঞ্জ ইউনিয়নের এরশাদুল হক, একই এলাকার আবু সাঈদ ও জাহাঙ্গীর আলম, ফুলবাড়ির কাশিপুর ইউনিয়নের ঘুঘুর হাট অনন্তপুর এলাকার আব্বাস আলী। এরমধ্যে আব্বাস আলীসহ দুজন বিকাশে কর্মরত বলে জানা গেছে। তারাই এদের কাছে সীম সরবরাহ করতো।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান জানান, আটককৃত ব্যক্তিদের শনিবার কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতে তাদের সাজা দেয়া হয়।





