হাজতে মোবাইল! আজমেরী ওসমানকে ছাত্রলীগের ভিডিও বার্তা, তোলপাড় নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা থানার হাজত থেকে আজমেরী ওসমানকে উদ্দেশ্য করে একটি ভিডিও বার্তা ধারণ করেছেন।
রোববার (৩০ আগস্ট) রাতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ভিডিও নিয়ে নারায়ণগঞ্জে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
জানা গেছে, মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৯ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে ফতুল্লা থানা হাজতে থাকা গ্রেফতারদের কাছে কৌশলে একটি মোবাইল ফোন পৌঁছে যায়। ওই মোবাইল ফোনে তারা আজমেরী ওসমানকে উদ্দেশ্য করে একটি ভিডিও বার্তা ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, কারা কীভাবে ভিডিওটি ধারণ করেছে, তা তার জানা নেই। তবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নাকি বাস্তব, তা তদন্ত করে দেখা হচ্ছে।







