রাশেদ খাঁন: পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে জামায়াত

জামায়াতে ইসলামী পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
গতকাল রবিবার (৩০ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসকুকে এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন লিখেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী জামানায় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে গেছে? আর আজকে সংসদ অধিবেশন চলা অবস্থায় মব সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে সংসদ ভবন ঘেরাও করেছে জামায়াত! আর হুমকি দিয়ে আসছে পরবর্তীতে নাকি ভিতরে ঢুকে ২৪ এর মত অবস্থা করবে!’
তিনি লিখেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের সময় জামায়াতের কোন নেতা সংসদের ভিতরে ঢুকেছিলো? আজকে যারা সংসদ ভবন ঘেরাওয়ে গেলো, তাদের একজনও কি বিগত ১৬ বছরে সংসদের আশপাশে গিয়েছিলো? আওয়ামী মুক্ত দুনিয়ায় তারা জানে পুলিশ কিছু বলবে না, আর এজন্য প্রতিনিয়ত পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে! কিন্তু তারা ভুলে গেছে পুলিশ প্রটেকশনে ২৪ এর গণঅভ্যুত্থান হয়নি!’
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, ‘পুলিশ প্রটেকশন নিয়ে লংমার্চ কিংবা সচিবালয়- জাতীয় সংসদ ঘেরাও করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। যারা বিরোধীদলই চালাতে পারে না, তারা হয়তো রাষ্ট্রকে অশান্ত করতে পারবে, কিন্তু কখনোই ক্ষমতায় গিয়ে দেশ চালাতে পারবে না।’





