চট্টগ্রামে বিদেশি মদের বড় চালান আটক: র‌্যাব হেফাজতে যুবক

ফেনী থেকে চট্টগ্রামে আনার পথে ১১৮ বোতল বিদেশি মদসহ মো. আরিফুল ইসলাম ভূঞা (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরের কোতোয়ালী থানাধীন কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, ফেনী থেকে একটি প্রাইভেটকারে করে বিদেশি মদের চালান চট্টগ্রামের দিকে আসছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সন্দেহজনক যানবাহনে তল্লাশির একপর্যায়ে একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হয়।

তবে সংকেত উপেক্ষা করে গাড়িটির চালক দ্রুতগতিতে চেকপোস্ট পার হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা গাড়িটির পিছু নিয়ে চালক আরিফুল ইসলাম ভূঞাকে আটক করেন। এ সময় গাড়িতে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

আটকের পর প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে আটটি বাদামি রঙের তেলের কার্টনের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের স্টিকারযুক্ত ১১৮ বোতল বিদেশি মদ পাওয়া যায়। পরে মদগুলো জব্দ করার পাশাপাশি পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও হেফাজতে নেয় র‌্যাব।
গ্রেপ্তার আরিফুল ইসলাম ভূঞা খাগড়াছড়ির রামগড় থানার সদু কার্বারী পাড়ার মৃত শামছুল হকের ছেলে।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, আরিফুল ইসলাম ও তার পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে আসছিলেন। চট্টগ্রাম নগরের বিভিন্ন পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে এসব মদ সরবরাহ করতেন তারা।

Exit mobile version