ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা সোহানকে বহিষ্কার করল কেন্দ্রীয় ছাত্রদল

ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ফয়সাল সিকদার সোহান নামে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্তের অনুমোদন করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহসভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য ফয়সাল সিকদার সোহানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের একাধিক নেতাকর্মী জানিয়েছেন, ফয়সাল সিকদার সোহানের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে বহিষ্কারের জন্য জেলা ছাত্রদলের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদের কাছে সুপারিশ করা হয়। সেই সুপারিশের ভিত্তিতে সোহানকে বহিষ্কার করা হয়েছে।

Exit mobile version