খেলা

ভারতের বিশ্বকাপ: ‘সব প্রকাশ করলে অবাক হবেন, বলতে পারছি না’ – তামিম

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আলোচনার সময় কী কী ঘটেছিল, তা প্রকাশ করলে সবাই বিস্মিত হবেন- এমন মন্তব্য করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তবে বর্তমান অবস্থান ও দায়িত্বের কারণে সেসব ঘটনা প্রকাশ করতে চান না তিনি।

ক্রীড়া প্ল্যাটফর্ম ‘নট আউট নোমান’-কে দেওয়া বক্তব্যে বিসিবি সভাপতি এই ইস্যুতে বলেছেন, ‘আমি এখন আইসিসিতে আছি, বিসিবির কারণেই আমি আইসিসির সদস্য। ওই আলোচনার সময় অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। যদি সেগুলো প্রকাশ করি, আপনারা অবাক হয়ে যাবেন। কিন্তু আমি সেগুলো প্রকাশ করতে পারবো না। কারণ আমাকে সেই সম্মানটা বজায় রাখতে হবে। কী কী কথা বলা হয়েছিল, তা জানলে আপনারা অবাক হবেন। তবে আমরা সেই আলোচনায় যেতে চাই না।’তামিম আরও বলেন, সে সময় যারা সরাসরি পরিস্থিতি সামলাচ্ছিলেন, তাদের কাছেই ছিল পুরো তথ্য ও উপাত্ত। বাইরে থেকে পরিস্থিতি বিচার করা আর ভেতর থেকে সবকিছু জানা এক বিষয় নয়। তিনি বলেছেন, ‘তখন আমরা বাইরে ছিলাম। আমরা মতামত দিতে পারি। কিন্তু যারা তখন বিষয়টি নিয়ে কাজ করছিলেন, তাদের কাছে সব ধরনের তথ্য ও উপাত্ত ছিল। এখন যখন শুনছি অমুক কথা হয়েছে, তমুক ঘটনা ঘটেছে-সবকিছু বিশ্লেষণ করার পর আমার মনে হচ্ছে, আমরা বিষয়টি আরও সতর্কভাবে, আরও বুদ্ধিমত্তার সঙ্গে সামলাতে পারতাম।’

তামিমের মতে, খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মেলানো উচিত নয়। সমসাময়িক একটি উদাহরণ টেনে তিনি বলেন, যুদ্ধ চলাকালীন ইরানও যুক্তরাষ্ট্রে খেলতে গিয়েছিল, যা বাংলাদেশ-ভারত পরিস্থিতির চেয়েও অনেক বড় সংকটের মধ্যে হয়েছিল, ‘খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত। প্রথম দিনই যদি আপনি এমন একটা জায়গায় চলে যান, যেখান থেকে আর ফেরার সুযোগ নেই, তাহলে সমাধান আসবে না।’

‘আমার মনে হয়, কিছু ক্ষেত্রে খেলাধুলাকে খেলাধুলাই থাকতে দেওয়া উচিত। সম্প্রতি এত কিছু ঘটেছে। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেও ইরান যুক্তরাষ্ট্রে খেলতে গিয়েছিল। অর্থাৎ, বিষয়টি এর চেয়েও বড় ছিল-সেখানে যুদ্ধ চলছিল। আমার কথা সেটিই।’

‘কে কোন দেশে যাবে, কোন দেশে ম্যাচ হবে-এসব বিস্তারিত বিষয়ে আমি যাচ্ছি না। আমি শুধু মনে করি, কিছু ক্ষেত্রে খেলাধুলাকে খেলাধুলা হিসেবেই দেখা উচিত। দুর্ভাগ্যজনকভাবে আমরা কখনো কখনো এই সীমার মধ্যে থাকি না। আমরা খেলাধুলার সঙ্গে অন্য বিষয়ও টেনে আনি।’

সবশেষে তামিম আবারও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তার মতে, ‘যখনই এই প্রসঙ্গ আসে, আমি একই কথা বলি, আমাদের অবশ্যই বিশ্বকাপে খেলা উচিত ছিল। আমাদের অবশ্যই আরও ভালোভাবে আলোচনা করা উচিত ছিল। আমি অনেক কিছু জানলেও বলতে পারছি না।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button