চট্টগ্রাম

কক্সবাজারের খুরুশকুল স্কুলে মাদক সেবনে বাধা দেওয়ায় দপ্তরিকে পিটিয়ে জখম

কক্সবাজার খুরুশকুল ডেইল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় বিদ্যালয়ের দপ্তরি (নৈশপ্রহরী)-র ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় একদল মাদকসেবী ও বখাটে যুবক এই হামলা চালিয়েছে বলে জানা গেছে।

গতকাল সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে একদল বখাটে জমায়েত হয়ে প্রকাশ্যে মাদক সেবনের প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে বিদ্যালয়ের দায়িত্বে থাকা দপ্তরি তাদের বিদ্যালয় প্রাঙ্গণ ছেড়ে চলে যেতে বলেন এবং মাদক সেবনে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা তার ওপর চড়াও হয় এবং একপর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে অতর্কিতে হামলা চালায়।

হামলায় ওই দপ্তরি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে স্হানীয়রা বলেন, স্কুল প্রাঙ্গণে মাদকসেবীদের উৎপাত দিন দিন বাড়ছে। দপ্তরি কেবল তার দায়িত্ব পালন করছিলেন। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিদ্যালয় প্রাঙ্গণকে মাদকমুক্ত রাখা এবং শিক্ষক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button