হাটহাজারীতে সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: গ্রেপ্তার ২

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশা মেরামতের ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
অভিযানে দেশীয় পেনগানসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র তৈরি, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জামাল হোসেন প্রকাশ জামাল মিস্ত্রি (৪৪) ও মো. কবির (৪৭)।
পুলিশ জানায়, হাটহাজারীতে অস্ত্র তৈরি ও সরবরাহকারী একটি চক্রের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর তাদের ওপর নজরদারি শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকায় অভিযান চালানো হয়।
জেলা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানকালে জামাল মিস্ত্রি ও কবিরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি পেনগান, চারটি দেশীয় তৈরি পিস্তল, ১৮টি পেনগানের গুলি ও দুটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদে হাটহাজারীর সরকারহাট বাজারে একটি সিএনজি অটোরিকশা মেরামতের ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির তথ্য পাওয়া যায়। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন আলামত ও সরঞ্জাম উদ্ধার করে জব্দ করে।
অবৈধ অস্ত্রের উৎস শনাক্ত ও অস্ত্রের বিস্তার রোধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।







