
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি পালনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পৌর শহরের কালীবাড়ি, বটতলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আশপাশে আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য, সংঘর্ষের আগে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে পৃথক মিছিল বের হলে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপায় দলটির বর্তমান উপজেলা কমিটি এবং সাবেক নেতাদের অনুসারীরা পৃথক কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচির স্থান ও আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই মতবিরোধ ছিল। সোমবার থেকেই এ নিয়ে উত্তেজনা চলছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে উভয় পক্ষ পৃথক মিছিল বের করে। মিছিল দুটি পৌর শহরের কালীবাড়ি ও বটতলা এলাকায় পৌঁছালে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে পুলিশের সতর্ক অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছে।
এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সাজেদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অল্প কিছু হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই পুলিশ ঘটনাস্থলে ছিল।





