আবুল কালাম আজাদ (বিপ্লব): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে পৌর শহরে এই শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে জেলা বিএনপির আহ্বায়ক খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা গ্রুপের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এদিন সকাল ১০ টার দিকে উপজেলার পৌরসভাসহ ১১ টি ইউনিয়ন থেকে জেলা বিএনপির আহ্বায়ক খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা গ্রুপের নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল নিয়ে সিংগাইর পৌর শহরের দেওয়ান কমপ্লেক্সের সামনে জড়ো হন। এসময় নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বেলা সাড়ে ১১ টার দিকে দেওয়ান কমপ্লেক্স থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠুর ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আশরাফুল আলম শ্যামলেরনেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর বাজার, থানা ও উপজেলা পরিষদ হয়ে সিংগাইর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তোফাজের সভাপতিত্বে শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আওলাদ হোসেন (এজিএস)।
এছাড়া যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বেলায়েত ও উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাগরের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান আকুল, তালেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, জামির্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সায়েস্তা ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরীফ হোসেন মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন ও জয়মন্টপ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পারভেজ খান সুরুজ প্রমূখ।
