গাজীপুরের কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মিছিল, পাল্টা বিক্ষোভে যুবদল

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে একই এলাকায় পাল্টা মিছিল করেছে কালিয়াকৈর পৌর যুবদলের নেতাকর্মীরা।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে হঠাৎ করে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় মিছিল বের করেন যুবলীগের নেতাকর্মীরা। মিছিলটি আকস্মিকভাবে শুরু হওয়ায় মহাসড়কে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রায় পাঁচ মিনিট ধরে মিছিল করার পর অংশগ্রহণকারীরা দ্রুত সেখান থেকে সরে যান।

মিছিলে নেতৃত্ব দেন কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা খাত্তাব মোল্লা। মিছিল শেষে নেতাকর্মীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ‘পল্লীবিদ্যুৎ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা সেখান থেকে পালিয়ে যান। বিএনপি তাদের প্রতিবাদ করতেই পারে। এ ঘটনায় আমাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Exit mobile version