আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, রাশেদ খান বললেন ‘এনসিপিতে ওপেন সিক্রেট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খান। একই সঙ্গে ঢাকা-১০ আসনে আসিফ মাহমুদকে জামায়াতের পক্ষ থেকে মনোনয়ন না দেওয়ার পেছনে তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও বিতর্ককে কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খান দাবি করেন, আসিফ মাহমুদের আসন নিয়ে এনসিপির নেতা নাহিদ ইসলাম বিভিন্নজনের কাছে আক্ষেপ করেছেন। জামায়াতে ইসলামীর আমির অনেক দরকষাকষির পরও আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন ছাড়তে রাজি হননি। এমনকি আসিফ মাহমুদের বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগের দায়ও জামায়াত নিতে চায়নি।

তিনি আরও দাবি করেন, আসিফ মাহমুদের আসন নিয়ে ড. মুহাম্মদ ইউনূস জামায়াতের আমিরকে ফোন করেছিলেন। তখন জামায়াতের আমির প্রয়োজনে আরও দুই-তিনটি আসন ছাড়ার কথা বললেও আসিফ মাহমুদের বিষয়ে অনুরোধ না করার কথা জানিয়েছিলেন।

রাশেদ খান বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনসিপির নেতাকর্মীদের কাছে ‘ওপেন সিক্রেট’। তার দাবি, মাত্র ১৮ মাস উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসিফ মাহমুদ ‘আলাদিনের চেরাগ’ পেয়েছিলেন।

তিনি আরও অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোনো কর্মকর্তার বক্তব্যের শব্দের হেরফেরের কারণে আসিফ মাহমুদ দুর্নীতির অভিযোগ থেকে দায়মুক্ত হয়ে যান না। তিনি নিজে আসিফ মাহমুদের পক্ষ থেকে একজনকে বড় অঙ্কের অর্থ দেওয়ার বিষয়টি জানেন বলেও দাবি করেন। এ বিষয়ে একজন উপদেষ্টাকে জানালে তিনি ‘বেতন থেকে তো কেউ এত টাকা দিতে পারে না’ বলে আক্ষেপ প্রকাশ করেছিলেন বলেও উল্লেখ করেন রাশেদ।

Exit mobile version