বিভাগ

ফেসবুকে পিস্তল প্রদর্শন: ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ

সাইফুল ইসলাম : মানিকগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেনের ব্যক্তিগত ফেসবুক স্টোরিতে পিস্তলের ছবি প্রদর্শনের অভিযোগ উঠেছে। গত ২ সেপ্টেম্বর রাতে ওই ছবি স্টোরিতে প্রকাশ করা হয়। বিষয়টি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

অভিযুক্ত রাকিব হোসেন মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার মো. আলী আকবরের ছেলে। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তবে বর্তমানে তিনি লেখাপড়া করছেন না বলে জানা গেছে।

জানা যায়, ২ সেপ্টেম্বর রাতে রাকিব হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডির স্টোরিতে পিস্তলের একটি ছবি দেখা যায়। পরে ছবিটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। তবে স্টোরিতে প্রদর্শিত অস্ত্রটি আসল নাকি খেলনা—তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে রাকিব হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ছবিটি ফেসবুক থেকে ডাউনলোড করা হয়েছিল। রকি নামের একজনের আইডি থেকে ছবিটি ডাউনলোড করা হয়। আমার ছোট ভাই আমার মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম খেলে। সে-ই আমার ফোন বেশি ব্যবহার করে এবং ছবিটি স্টোরিতে দিয়েছিল।’

অস্ত্রের ছবিটি তার নিজের কি না—এমন প্রশ্নের জবাবে রাকিব দাবি করেন, ছবিটি তার নয় এবং তিনি নিজে সেটি স্টোরিতে দেননি।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে। অস্ত্র প্রদর্শনের বিষয়টি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তবে ফেসবুক স্টোরিতে প্রদর্শিত পিস্তলটি আসল নাকি খেলনা এবং ছবিটি কে প্রকাশ করেছেন—তা পুলিশি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button