লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানের বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৫০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউসুফ আলী নামে একজনকে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে র্যাব-১১ এর একটি দল গ্রেফতার করেছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, মঙ্গলবার সকালে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া এলাকার কনফেকশনারি দোকানি আনোয়ারকে হত্যা করে ইউসুফ পালিয়ে যান। রাতেই গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউসুফ স্থানীয় ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়ার বাসিন্দা এরশাদ হোসেনের ছেলে।
জানা গেছে, ইউসুফের বাড়ির সামনে আনোয়ারের কনফেকশনারি দোকান রয়েছে। ইউসুফ ওই দোকান থেকে মালামাল ক্রয় করতেন। কিন্তু বাকি টাকা চাওয়ায় দোকানির সঙ্গে তিনি খারাপ আচরণ করছিলেন। মঙ্গলবার সকালেও বাকি টাকা দিতে গিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়।
একপর্যায় দোকানের ভেতরে গিয়ে ইউসুফ ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেন। পরে নিহতের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদী হয়ে ইউসুফের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩–৪ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুন্ডু বলেন, ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই আমরা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
