
ভারতীয় পেসার হর্ষিত রানাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মৌখিকভাবে তিরস্কার করা হয়েছে তাকে। আচরণবিধি ভঙ্গের দায়ে হর্ষিতকে এই শাস্তি দেওয়া হয়েছে। তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
গত ৩০ নভেম্বর রাচীতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ঘটনার সূত্রপাত। ম্যাচের ২২তম ওভারে দেওভাল্দ ব্রেভিসের উইকেট নেন হর্ষিত। আউটের পর ব্রেভিসের দিকে তাকিয়ে হাতে ড্রেসিংরুমের পথ দেখানোর মতো অঙ্গভঙ্গি করেন তিনি। এমন আচরণে খেলোয়াড়কে হেয় করার ইঙ্গিত পাওয়া যায় বলে মনে করেছে আইসিসি।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার মতে, হর্ষিতের ওই অঙ্গভঙ্গি আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে-যেখানে কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর তাকে উত্তেজিত বা উসকে দিতে পারে এমন ভাষা বা অঙ্গভঙ্গি ব্যবহার নিষিদ্ধ।
আজ দ্বিতীয় ওয়ানডের দিন আইসিসি এক বিবৃতিতে জানায়, ঘটনাটি ‘লেভেল ওয়ান’ পর্যায়ের অপরাধের মধ্যে পড়ে। এ ধরনের অপরাধে সর্বনিম্ন শাস্তি তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ কাটা ও এক বা দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ার নিয়ম রয়েছে।
২৪ মাসের মধ্যে মোট চার ডিমেরিট পয়েন্ট হলে নিষিদ্ধ হতে হয় এক টেস্ট বা দুইটি সীমিত ওভারের ম্যাচে। এটি হর্ষিতের প্রথম ডিমেরিট পয়েন্ট। হর্ষিত নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারি রিচি রিডার্সনের রায় মেনে নিয়েছেন।





