ঢাকা-৮ আসনে জামায়াতের প্রার্থী হচ্ছেন সাদিক কায়েম!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে বিবেচনা করছে দলটি। শনিবার (৬ ডিসেম্বর) রাতে সময়ের আলোকে এ তথ্য জানান জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, এ বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আমরা আনুষ্ঠানিকভাবে আরও পরে ঘোষণা করব।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও এমন একটি খবর চাউর হয়েছে। তবে দলের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এর আগে ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনকে মনোনীত করেছে দলটি। মনোনীত হওয়ার পর থেকে তিনি আসনটিতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।
এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়ে গণসংযোগ চালাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি।





