উপদেষ্টা আসিফ নজরুলকে সতর্ক করলো সুপ্রিমকোর্ট বার

আইন,বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিচার বিভাগ সম্পর্কে অযাচিত মন্তব্যের বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। বিচার বিভাগ সম্পর্কে কথা বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বারের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, বিচার বিভাগ নিয়ে এভাবে মন্তব্য করবেন না। আইন উপদেষ্টা আপনি একজন সম্মানিত মানুষ।
দায়িত্বশীল চেয়ারে বসে আছেন। আপনাকে বলবো, এখন বিচার বিভাগের আলাদা সচিবালয় হয়েছে। বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়েছে। তাই আদালত অবমাননা হয়, বিচার বিভাগ নিয়ে এমন কথা বলবেন না।
গতকাল সোমবার বিচার বিভাগ এবং বিচারপতিদের নিয়ে আইন উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে ‘সাধারণ আইনজীবী সমাজ’র ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় ব্যারিস্টার খোকন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির খুনীদের গ্রেফতারের আহ্বান জানিয়ে বলেন, আকাশ অথবা মাটির নিচে যেখানেই থাকুক, খুনিদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।
‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন, সেদিন আইন উপদেষ্টা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে বলেছেন, উচ্চ আদালত থেকে জামিন কম দেয়ার কথা বলেছি। আইন উপদেষ্টার এই বক্তব্য আদালত অবমাননার শামিল। এই বক্তব্যের মাধ্যমে তিনি বিচার বিভাগে হস্তক্ষেপ করেছেন।
আইন উপদেষ্টার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। বিচার বিভাগ নিয়ে কথা বলার সময় আইন উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু, সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল লতিফ, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ প্রমুখ বক্তৃতা করেন। বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল।





