বিএনপিলক্ষ্মীপুর

বিএনপি নেতার ঘরে আগুনের ঘটনায় আয়েশার পর মারা গেল আরেক মেয়েও

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চরমনসা এলাকায় বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ সালমা আক্তার স্মৃতি (১৭) চিকিৎসাধীন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছে। এ নিয়ে এই ঘটনায় দুজন মারা গেল। এর আগে একই ঘটনায় তার ছোট বোন আয়েশা আক্তার (৭) মারা যায়। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতির মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লক্ষ্মীপুরের আগুনের ঘটনায় পরদিন ভোরে বিথী (১৩) ও স্মৃতি (১৮) নামে দুই জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় স্মৃতি। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। আর বিথীর হাত ও পায়ের সামান্য অংশ দগ্ধ হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল ওইদিনই। তিনি জানান, প্রথম থেকেই স্মৃতির অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছিল।

এরআগে গত ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে আগুন দেয়। এতে ঘর ও আসবাব পুড়ে যায় এবং আগুনে পুড়ে ঘটনাস্থলেই ছোট মেয়ে আয়েশা আক্তারের মৃত্যু হয়।

এই ঘটনায় বিএনপি নেতা বেলাল হোসেন, তার বড় মেয়ে স্মৃতি এবং অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেজো মেয়ে সায়মা আক্তার বিথি (১৪) দগ্ধ হয়। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। স্মৃতি ও বিথিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসে স্বজনরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button