গণঅধিকার পরিষদবিএনপি

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খাঁন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি।

এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন রাশেদ খাঁন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে রাশেদ বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচন করবেন। এজন্য তিনি গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাশেদের যোগদান অনুষ্ঠানে জানান, রাশেদ খাঁনকে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ওই আসনে বিএনপির সব স্তরের নেতাকর্মীদের রাশেদের পক্ষে কাজ করার আহ্বান।

নুরের কাছে লেখা পদত্যাগপত্রে রাশেদ খাঁন লেখেন, ‘আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সাথে রাজপথের সহযোদ্ধা হিসেবে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘসময় আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথচলায় আপনিসহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি।

দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। আমি আপনার নিকট দোয়া ও ভালবাসা চাই। ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি। এবং আপনার ও দলের জন্য শুভকামনা ব্যক্ত করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button