কেরানীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জে নিখোজ হওয়ার প্রায় ২১ দিন পর গৃহশিক্ষিকার বাসা থেকে এক কিশোরী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর ঐ বাসায় বসবাসরত স্বামী-স্ত্রী ও তাদের দুই বাচ্চাকে আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ।
নিহতরা হলেন, জোবাইদা রহমান ফাতেমা (১৪) ও তার মা রোকেয়া রহমান (৩২)। নিহত রোকেয়ার স্বামী শাহীন আহম্মেদ পেশায় একজন মুহুরী বলে জানিয়েছেন স্বজনরা। জানা গেছে, গত ২৫ ডিসেম্বর গৃহশিক্ষিকার কাছে পড়তে এসে নিখোঁজ হয় স্কুলছাত্রী ফাতেমা। মেয়েকে খুঁজতে বের হয়ে নিখোঁ’জ হন তার মা রোকেয়া রহমান। প্রায় ২১ দিন পর মেলে তাদের মরদেহ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় গৃহশিক্ষিকা মিমের বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে রোকেয়া রহমানের মরদেহ এবং বাথরুমের ফলস ছাদ থেকে কিশোরী ফাতেমার মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।





