ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির শীর্ষ দুই কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে আবারও গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে আটক করা হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় বিপুল সংখ্যক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, তাদের বিরুদ্ধে মোট ৩৯১টি ওয়ারেন্ট জারি রয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ডিবির পক্ষ থেকে ইভ্যালির চেয়ারম্যান ও সিইওকে গ্রেফতারের বিষয়টি থানাকে অবহিত করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা একাধিক মামলায় মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রায় তিন শতাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে শুধু ধানমন্ডি থানাতেই রয়েছে শতাধিক পরোয়ানা।
উল্লেখ্য, এর আগেও প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করা হয়েছিল। পরে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিল মাসে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বর মাসে জামিনে মুক্তি পান
ফাহাদ মোল্লা
