জাতীয়নির্বাচন

রাঙ্গুনিয়াকে নতুন করে সাজাতে চাই

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, রাঙ্গুনিয়াকে আমরা নতুন করে সাজাতে চাই। এখানকার প্রধান সমস্যা ভয়ের সংস্কৃতি, নিরাপত্তা সংকট। আমরা এ জনপদকে আগামী প্রজন্মের সামনে নিরাপদ করে তুলে ধরতে চাই।

আজ (শনিবার, ৩১ জানুয়ারি) রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন তিনি। পথসভায় বিভিন্ন শ্রেণিপেশা, ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এসময় বিএনপির এ প্রার্থী এ আসনের মানুষদের প্রত্যাশা ও সমস্যার কথা শোনেন। তিনি রাঙ্গুনিয়ার জনসাধারণকে আশ্বস্ত করে বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে রাঙ্গুনিয়ার প্রকৃত উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করবো।’

তিনি বলেন, ‘বিগত আমলে রাঙ্গুনিয়ার ব্যাপক উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে তার কিছুই হয়নি। নির্বাচিত হলে এলাকার যোগাযোগ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেয়া হবে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণে জনসাধারণের মতামতকে গুরুত্ব দেয়া হবে।’

এছাড়াও এলাকার কৃষির সম্ভাবনা ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টিসহ দক্ষ যুবসমাজ গঠনে ভূমিকা রাখার আশ্বাস দেন হুম্মাম কাদের।

উল্লেখ্য, চট্টগ্রামের এ আসনটিতে ধানের শীষ, দাঁড়িপাল্লার প্রার্থীসহ ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩ লাখ ১৯ হাজার ভোটার এ আসনে ভোট দেবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button