জাতীয়বাংলাদেশ

যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে যশোর জেলার বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার প্রিজাইডিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) পৃথকভাবে বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তন ও অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আশেক হাসান বলেন, “নির্বাচনের স্বচ্ছতা ও পবিত্রতা রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। প্রিজাইডিং অফিসারদের ওপর অর্পিত দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা বিচ্যুতি বরদাশত করা হবে না।” তিনি কর্মকর্তাদের সাহসিকতা ও নিরপেক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবে। কোনো ধরনের অরাজকতা বা প্রভাব বিস্তারের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

প্রশিক্ষণ সেশনে ভোটগ্রহণের পূর্বের দিনের প্রস্তুতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, নির্ভুলভাবে ভোটার শনাক্তকরণ, ভোট গণনা এবং দ্রুততম সময়ে ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে প্রিজাইডিং অফিসারদের বিস্তারিত কারিগরি ও আইনি দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার জনাব রাজিবুল ইসলাম, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল), বাঘারপাড়া ও অভয়নগর থানার অফিসার ইনচার্জবৃন্দ। এছাড়া প্রশিক্ষণ কর্মসূচিতে সংশ্লিষ্ট দুই উপজেলার প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button