
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কক্সবাজারের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসন সহযোগিতা করেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এন. এম. সাজ্জাদুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন এবং কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদকের ভয়াবহতা সম্পর্কে তরুণ সমাজকে সচেতন করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে বিজয়ী দলগুলোর মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।





