ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা লালমনিরহাট-২ আসনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট-২ আসনের (কালীগঞ্জ- আদিতমারী) রাজনৈতিক অঙ্গনে বাড়ছে তৎপরতা। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু হলে এলাকায় মাইকিং, গণসংযোগ, পথসভার মাধ্যমে প্রচারণা জোরদার হয়েছে।
এবার এই আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও নতুন রাজনৈতিক দল জনতার পার্টির প্রার্থীদের অংশগ্রহণে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা যাচ্ছে। তিন দলের প্রার্থীরাই নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের কাছে পৌঁছাতে মাঠে সক্রিয় রয়েছেন।
বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি এলাকায় ধারাবাহিক গণসংযোগ চালাচ্ছেন। প্রচারণাকালে তিনি ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারের কথা জানান।
অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজ হায়দার লাভলু। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরে ভোটারদের সমর্থন প্রত্যাশা করছেন।
এ ছাড়া জনতার পার্টির মনোনীত প্রার্থী ব্রিগেডিয়ার (অব.) শামীম কামালও নির্বাচনী প্রচারণায় সক্রিয় রয়েছেন। তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সুশাসনের বিষয়গুলো গুরুত্ব দিয়ে তুলে ধরছেন।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সব মিলিয়ে নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারের মাত্রা। শেষ পর্যন্ত কোন প্রার্থী ভোটারদের আস্থা অর্জনে সফল হন, সে দিকেই তাকিয়ে রয়েছে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার মানুষ।





