অর্থ ও বাণিজ্যপ্রবাস

জানুয়ারিতে রেমিট্যান্স এলো তৃতীয় সর্বোচ্চ রেকর্ড ৩১৭ কোটি ডলার

দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স বা প্রবাসী আয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১৭ কোটি (৩.১৭ বিলিয়ন) মার্কিন ডলার। বাংলাদেশের ইতিহাসে একক মাসে এটি তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জানুয়ারির ৩১ দিনে গড়ে প্রতিদিন দেশে ১০ কোটি ২৩ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার। সেই তুলনায় এ বছরের জানুয়ারিতে প্রবাসী আয় বেড়েছে ৪৫ শতাংশ। ডলার সংকট মোকাবিলা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এই উল্লম্ফন বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশের ইতিহাসে রেমিট্যান্সের শীর্ষ তিনটি মাস:

১. প্রথম: ৩.২৯ বিলিয়ন ডলার (মার্চ, ২০২৪-২৫ অর্থবছর)

২. দ্বিতীয়: ৩.২৩ বিলিয়ন ডলার (ডিসেম্বর, ২০২৫)

৩. তৃতীয়: ৩.১৭ বিলিয়ন ডলার (জানুয়ারি, ২০২৬)

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই থেকে জানুয়ারি) প্রবাসী আয়ের চিত্র অত্যন্ত আশাব্যঞ্জক। এই সময়ে দেশে মোট ১৯ দশমিক ৪৪ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৫ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। অর্থাৎ অর্থবছর হিসেবেও প্রবাসী আয় প্রবাহ গত বছরের চেয়ে কয়েক ধাপ এগিয়ে আছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং হুন্ডি প্রতিরোধে কড়াকড়ি আরোপ করায় প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন। এর সুফল দেখা যাচ্ছে দেশের অর্থনীতির অন্যতম এই সূচকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button