খেলা

তৃতীয়বারের মতো পিএসএলে মুস্তাফিজ

পিএসএল নিলামের আগেই মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। বাংলাদেশের এ পেসারকে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এ নিয়ে তৃতীয়বারের মতো টুর্নামেন্টটিতে দল পেলেন দ্য ফিজ।

দল পেলেও নিরাপত্তা ইস্যুতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। যে ঘটনার বাটারফ্লাই ইফেক্টে বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কায় আইসিসি। মুস্তাফিজকে অবশ্য আইপিএলের সময়টা বসে থাকতে হচ্ছে না। একই সময়ে হওয়া পিএসএলে দেখা যাবে তাকে।

মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফেসবুক পেজে দেয়া পোস্টে মুস্তাফিজকে বাংলাদেশি ভাই হিসেবে সম্বোধন করে তারা লিখেছে, ‘ওয়ান্স এ কালান্দার, অলওয়েজ এ কালান্দার’।

বাংলাদেশের এ ফাস্ট বোলারের সঙ্গে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপির চুক্তি করেছে লাহোর। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকারও বেশি। এর আগে ২০১৬ ও ২০১৮ সালেও তাকে দলে নিয়েছিলো কালান্দার্স।

এর আগের দশটি আসরে ড্রাফটের মাধ্যমে খেলোয়াড় কিনেছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এবারই প্রথম নিলামের মাধ্যমে খেলোয়াড় কেনা হবে। আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নিলাম। তার আগেই অবশ্য দল পেলেন মুস্তাফিজ। ২৬ মার্চ শুরু হবে পিএসএলের একাদশ আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button