
হাফিজুর রহমান খান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি সংসদীয় আসনে মোট ২৮ হাজার ৬৩০টি পোস্টাল ভোট পড়েছে। এসব ভোটে কোন প্রার্থী কত পেয়েছেন, তার বিস্তারিত ফল প্রকাশ করা হবে ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার পর।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পোস্টাল ভোট কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইরফান উল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন নিবন্ধনের মাধ্যমে দেশে ও বিদেশে অবস্থানরত ভোটাররা পোস্টাল ভোট অ্যাপ ব্যবহার করে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। পাশাপাশি ‘হ্যাঁ’ ভোটও প্রদান করা হয়েছে।
আসনভিত্তিক তথ্য অনুযায়ী, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে পোস্টাল ভোট পড়েছে ৯ হাজার ৬৩৫টি, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ৪ হাজার ২১২টি, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে সর্বোচ্চ ১০ হাজার ৯১৭টি এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৩ হাজার ৮৬৬টি।
১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের পর কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে এসব পোস্টাল ভোট গণনা করা হবে। নিয়মিত ভোট গণনার আদলে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও সহায়ক কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যালট বক্স খোলা হবে। প্রতি ৩০০ ভোটের জন্য একজন করে সহায়ক কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ভোট গণনার আগে স্ক্যানারের মাধ্যমে ব্যালট যাচাই করা হবে। এরপর আসনভিত্তিকভাবে প্রার্থীদের প্রাপ্ত ভোট নির্ধারণ করা হবে। ‘হ্যাঁ’ ভোটের জন্য পৃথকভাবে গণনা করা হবে।
ভোট গণনার পুরো প্রক্রিয়া সিসিটিভির আওতায় থাকবে। প্রার্থীরা নিজে অথবা মনোনীত এজেন্টের মাধ্যমে গণনা পর্যবেক্ষণ করতে পারবেন।
নির্বাচন কমিশন এবারই প্রথম দেশে ও বিদেশে অবস্থানরত প্রবাসী, সরকারি-বেসরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা আসামিদের জন্য পোস্টাল ভোটের সুযোগ দেয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ বিশ্বের নানা প্রান্ত থেকে ভোটাররা অংশ নেন। তবে কোন দেশ থেকে কত ভোট এসেছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
সংশ্লিষ্টদের মতে, পোস্টাল ভোট চালু হওয়া নির্বাচনী ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে পর্যাপ্ত প্রচারণার অভাবে অনেক ভোটার এ সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।





