আবু বক্কর সিদ্দিক
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে টেকনাফ উপজেলার বাহারছড়া কচ্ছপিয়া এলাকার মানব পাচারকারী চক্রের গডফাদার মো. আব্দুল আলী তার নিজ বাড়ির একটি গুদামঘরে আটকে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৫ ফেব্রুয়ারি বিকাল ৪টায় কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের আউটপোস্ট বাহারছড়া ও র্যাবের সমন্বয়ে ওই বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে যৌথ বাহিনী গুদামঘরে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করে। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।
পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তিদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মানব পাচার রোধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ১৫ ভিকটিম উদ্ধার

ছবি: সংগৃহীত