বাঘারপাড়ায় বাবার হামলায় ছেলে জখম, হাসপাতালে ভর্তি

জেলা প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেনঃ
যশোরের বাঘারপাড়ায় পারিবারিক কলহের জের ধরে বাবার দায়ের কোপে ছেলে গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (৬ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার ধোয়াখোলা গ্রামে এই ঘটনা ঘটে। আহত যুবকের নাম রানা (২৫)। তিনি ওই গ্রামের জয়নালের (৪৭) ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুপুরবেলা বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। তর্কের একপর্যায়ে তার জয়নাল চরম ক্ষিপ্ত হয়ে ঘর থেকে একটি রামদা বের করে রানার ওপর হামলা চালান। এতে রানার বাম হাত ও পিঠে গভীর ও গুরুতর কাটা জখম হয়। রানার চিৎকারে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
পরে তাকে চিকিৎসার জন্য দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে রানা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রানার শরীর থেকে বেশ রক্তক্ষরণ হয়েছে, তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। এদিকে তুচ্ছ ঘটনায় বাবার হাতে ছেলে এভাবে কুপিয়ে আহত হওয়ার ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







