কক্সবাজার

কক্সবাজারে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

হাফিজুর রহমান খান,
কক্সবাজার,

কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে দুইশত সুবিধাবঞ্চিত শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে ঈদ উপহার। “শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয় দিনব্যাপী উৎসবমুখর কর্মসূচি।

গত বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬ খ্রি.) বিকেলে কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল ঈদুল ফিতরের নতুন পোশাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল, ইফতার এবং মেহেদী উৎসব।

কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে এবং লাইফস্কিল ট্রেইনার ক্যনু মং মারমা’র সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন নিবাসী শিশু নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম ফরহাদ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর আকতার আলম, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা শামীম আকতার, সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন।

সাংস্কৃতিক পর্বে একক ইসলামিক সংগীত পরিবেশন করেন নিবাসী শিশু জান্নাতুল মাওয়া মাহিয়া। দলীয় সংগীত পরিবেশন করেন তানিয়া আক্তার ও তার দল। এছাড়া শিশুদের অংশগ্রহণে ইসলামী নাটিকা “ইফতারের আনন্দ ভাগাভাগি করা” উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

পরে কেরাত ও ইসলামিক সংগীত প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা শিশুদের মাঝে ঈদের পোশাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন সবুজবাগ জামে মসজিদের খতিব মাওলানা মো. ইকবাল হোসাইন। দোয়া শেষে ইফতার ও মেহেদী উৎসবের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।

উপ-প্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, “আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই উদ্যোগ।”

পুরো আয়োজন জুড়ে শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে কেন্দ্র প্রাঙ্গণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button