Bangla News

ঈদের দিনে পাঞ্জাবি রক্তে লাল, মুন্সিগঞ্জে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোয়াজ্জেম (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।  শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার জসলং ইউনিয়নের দরজারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোয়াজ্জেম মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের আকালমেঘ গ্রামের তমিজ উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলদি বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা মোয়াজ্জেমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। হামলাকারীদের আতঙ্কে ঘটনাস্থলে কেউ তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেননি। পরে তারা চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে অটোরিকশাযোগে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা রেনু বেগম অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে তার দেবর হাফিজ উদ্দিন মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, দেবরের ছেলে মেজবাহ ও ফেরদৌস ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনুপ কুমার সাহা জানান, রাত পৌনে ৮টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button