বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে আগুন,ক্ষয়ক্ষতি দেড় লক্ষাধিক টাকা।

বগুড়ার শাজাহানপুর উপজেলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতার পরিত্যক্ত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মজুতকৃত আলু,পেঁয়াজ,ধানবীজ সহ কিছু পুরনো আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদীঘি গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আমিনুল ইসলাম আকাশ,যিনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক।শাজাহানপুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান,আগুন লাগার খবর পেয়ে ভোর ৪টা ৩০মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান,বাড়িটিতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না এবং এটি একটি পরিত্যক্ত মাটির ঘর,যেখানে আলু সহ বিভিন্ন ফসল মজুত রাখা ছিল।
এবিষয়ে আমিনুল ইসলাম আকাশ জানান,রাজনৈতিক শত্রুতার জেরে আমার পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।এতে আমার বিভিন্ন ফসল ও দোকানের কিছু পুরনো আসবাব পুড়ে গেছে।এদিকে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিক ইকবাল জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন লাগার সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করে নাই।







