বগুড়া

মোকামতলায় সমবায়ের ২০ কোটি টাকার জমি দখল করে অবৈধ মার্কেট নির্মাণ,বন্ধের নির্দেশ।

বিকাশ স্বর্ণকার,
বগুড়া,

“সমবায় বিভাগের হস্তক্ষেপ, তদন্ত শুরু আইনগত পদক্ষেপের প্রক্রিয়া চলমান” বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নে সমবায় বিভাগের প্রায় ২০কোটি টাকা মূল্যের জমি জবরদখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগে জানা যায়, মোকামতলা বিশ্বরোড সংলগ্ন প্রায় ১৭.৫ শতাংশ জমি, যা মোকামতলা বহুমুখী সমবায় সমিতির মালিকানাধীন, তা অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ করছেন সমিতির নামধারী সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ প্রভাবশালী একটি চক্র। কোনো ধরনের অনুমোদন ছাড়াই এই নির্মাণকাজ চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

উপজেলা সমবায় অফিস সূত্রে জানা গেছে, সমিতির কার্যক্রমে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চলছিল। উপজেলা সমবায় অফিসার কাজী ফাতেমা-তুজ-জোহরা জানান, ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপেক্ষা করে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ,বার্ষিক সাধারণ সভা না করা, বাজেট অনুমোদন না নেওয়া এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতার অভাবসহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া সমিতির ব্যাংক হিসাব ও নথিপত্রেও অসংগতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।তিনি আরও জানান, ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে চিঠি দিয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।স্থানীয়দের অভিযোগ, প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে সমিতির সম্পদ আত্মসাতের চেষ্টা চলছে। তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সমিতির সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় কিছুটা স্বস্তি ফিরলেও, জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নিলে পরিস্থিতি আবারও অবনতির আশঙ্কা করছেন সচেতন মহল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button