কোন মেম্বার-চেয়ারম্যান যাতে চুরি করতে না পারে

রামগতি-কমলনগরঃ জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান নেতা-কর্মীদের সতর্ক করে বলেন,আওয়ামী লীগ সিন্ডিকেট করেছে, আপনারা করেন কেন? কোন সিন্ডিকেট চলবে না। সরকার এখন টয়লেট দিবে, এখন দেখবেন নেতারা নিয়ে যাবে। টয়লেটের দরকার না থাকলে কেন নিবেন ভাই? ভিজিএফ কার্ড,জেলে কার্ড আপনার দেওয়ার দরকার কি? এটা আমাদের কাজ না। এভাবে সরকারের পতন হয়। কোন মেম্বার বা চেয়ারম্যান যাতে চুরি করতে না পারে, আপনারা ‘ওয়াচ ডগ’ হবেন-এটাই তো জুলাইয়ের চেতনা।
শুক্রবার বিকেলে ‘কমলনগর গর্ব সম্মাননা পদক-২০২৬, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সামাজিক সংগঠন সানরাইজ ক্লাব উপজেলার চর লরেন্স সূর্যমুখী কিন্ডারগার্টেন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে।
সানরাইজ ক্লাবের সভাপতি জনাব ওসমান গনি বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাহাত উজ জামান ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফরিদুল আলম।
হুইপ হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, নদীতে এবার অবৈধভাবে মাছ ধরেছেন, আগামীতে আর পারবেন না ইনশাআল্লাহ। নদীতে বা রাস্তায় কোনো গুণ্ডামি আর চলবে না, সেটা যে দলেরই হোক। সময় পাই নাই এবার ছেড়ে দিছি।
স্থানীয় নির্বাচন নিয়ে তিনি বলেন,সামনে যে ইলেকশান আসবে আমরা ভালো ভোট দিব। আমরা নির্বাচন জোর করে নেওয়ার চেষ্টা করব না। আপনি যদি মনে করেন, জোর করে হয়ে যাবেন সেটা পারবেন না।
আশরাফ উদ্দিন নিজান বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এটা মুখে বললে হবে না, সকলে মিলে কাজ করতে হবে। বাজারের লোক লাঠি নিয়ে দোঁড়ালে আর মাদক থাকতে পারে না। স্কুলে স্কুলে বলতে হবে। আগে স্কুলে পড়ালেখা হয় নাই, এখনও হবে না- এটা হতে পারে না। আমাদের সরকার সব ধরনের সাহায্য করবে কিন্তু আপনারাও আপনাদের সার্ভিস দেবেন। শিক্ষক শিক্ষকতা করেন, আপনার রাজনীতি করার দরকার নেই। আবার রাজনীতি ভোটের তিন মাস আগে কইরেন। আপাতত যার যার দায়িত্ব পালন করেন।
সম্মাননা পদক সরকারিভাবে দেওয়ার জন্য আয়োজকদের দাবির প্রেক্ষিতে তিনি আরও বলেন, আমরা আমাদের (জনগণ) ক্ষমতা অজান্তেই সরকারের কাছে দিয়ে দিই। আপনারা যেই কাজ করেছেন, তা যদি কাল ইউএনও সাহেব টেকওভার করেন, তখন কি আপনারা আপনাদের মতো করতে পারবেন? পারবেন না। আপনাদেরকে সহযোগীতা করতে পারে সরকার। যদি আমাদের হাতে তুলে দেন, তাহলে সরকারিকরন হয়ে যাবে।
তিনি আরও বলেন, সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে খারাপের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। খারাপকে খারাপ আর ভালোকে ভালো বলতে পারলেই সমাজ সুন্দর হবে, সবালীল হবে,যোগ্য হবে।
তেলের সংকট প্রসঙ্গে তিনি বলেন, ইরান যুদ্ধ আমরা লাগাইনি।বাংলাদেশের মানুষের কোন দায় দায়িত্ব নাই এ যুদ্ধের ব্যাপারে।যুদ্ধ যদি ৬ মাস চলে তেল কোথায় পাবো? তেল গোপনে রেখে দিলে কোন লাভ হবেনা।কয়দিন চলবেন? সরকার ১ লিটারে ১০০ টাকা ভর্তুকি দিয়ে তেল আনছে। মে মাস পর্যন্ত পারা যাবে।যুদ্ধ চলতে থাকলে মে মাসের পর কি হবে? অতএব সবাইকে সাশ্রয়ী হতে হবে। ৭১ এর যুদ্ধের সময় সবাই যেমন গ্রামে চলে আসছে এবারও সেই প্রস্তুতি রাখতে হবে।বাস্তবতাকে এড়িয়ে যাওয়া যাবেনা।
অনুষ্ঠানে ‘কমলনগরের নোবেল’ খ্যাত ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ ৯টি ক্যাটাগরিতে ৯ জন গুণীজনকে প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন – মাওলানা কারী গিয়াস উদ্দিন (শ্রেষ্ঠ আলেম), মাওঃ মাহবুবুর রহমান (শ্রেষ্ঠ শিক্ষক), মাওলানা মোহাম্মদ আলী হোছাইন (শ্রেষ্ঠ গর্বিত পিতা), মোঃ রিপন (শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা), আব্দুর রহমান (শ্রেষ্ঠ উদ্যোক্তা), মোঃ দোলন (শ্রেষ্ঠ সামাজিক সংগঠক), প্রিয় ব্লাড ব্যাংক (শ্রেষ্ঠ রক্তদান সংগঠন), মাতাব্বর হাট ক্লাব (শ্রেষ্ঠ সামাজিক সংগঠন) এবং শতামুখ স্বপ্ন ফাউন্ডেশন (শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠন)।
এছাড়া মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদানের পাশাপাশি ১৪ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।
চন্দ্রগঞ্জ কামিল মাদ্রাসার প্রভাষক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন,উপজেলা জামায়াতের আমীর মাও.আবুল খায়ের,সেক্রেটারী মাও.আকরাম হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।







