নারী শিক্ষিত হলেই পরিবার আলোকিত হয়: শহিদুল ইসলাম বাবুল

নারী শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর- চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘যে ঘরে একজন নারী শিক্ষিত, সেই ঘর আলোকিত। মা শিক্ষিত হলে সন্তান অশিক্ষিত হওয়ার সুযোগ নেই।’
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা মহিলা কলেজ মাঠে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের মানবিক মানুষ হওয়ার আহ্বান জানিয়ে শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘তোমরা সুশিক্ষায় শিক্ষিত হও।
নববর্ষের দিনে পুরাতন জরা, ব্যর্থতা, হতাশা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে ইতিবাচক চিন্তা চেতনায় এগিয়ে যাবে।’
শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘তোমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। তোমাদের সামনে রয়েছে জ্ঞান-বিজ্ঞানের অবারিত পৃথিবী। এখান থেকে তোমরা ভালোটাও গ্রহণ করতে পারো, আবার খারাপটাও গ্রহণ করতে পারো।
মোবাইল ও ইন্টারনেটের সঠিক ব্যবহার করতে হবে। আমাদের জ্ঞান ও শিক্ষা যতক্ষণ পর্যন্ত মেধার আলোয় বিকশিত না হবে, ইতিবাচক কাজে ব্যয় না হবে, তত দিন পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ব্যর্থ হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে বাবুল আরো বলেন, ‘বাবা, মা, ভাই, বোন, আত্মীয়-স্বজন সবাইকে ভালোবাসতে হবে। হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, যুদ্ধ-বিগ্রহ পরিহার করতে হবে।
পরিবার থেকেই ভালোবাসা, শ্রদ্ধা ও মানবিক সম্পর্ক দৃঢ় করতে পারলে সবাইকে ভালোবাসা যাবে। সবাই মিলে দল, মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তির সুবাতাস বয়ে যায়, এমন সমাজ চাই। ভালোবাসার সমাজ প্রতিষ্ঠা করতে চাই।’
সভায় উপস্থিত অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের পারিবারিক বন্ধন দৃঢ় করার ওপর গুরুত্ব দিয়ে এই সংসদ সদস্য বলেন, পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে পারলে সর্বনাশা মাদক থেকে রক্ষা পেতে পারি। আপনার সন্তান কোথায় যায়, কার সঙ্গে মিশে সেদিকে খেয়াল রাখতে হবে।
একটি পরিবারে একজন মাদকাসক্ত হলে সেই পরিবার ঝাঁজরা হয়ে যাবে। তিনি বলেন, শুধু পুলিশ দিয়ে মাদক নির্মূল করা যাবে না। এখানে পরিবারের ভূমিকাই মুখ্য। মাদক কোনোদিন ভালো কিছু বয়ে আনতে পারে না। গণতন্ত্র লুট হয়ে গেলে ফেরত পাই, অর্থনীতি ধ্বংস হয়ে গেলে সেটা উদ্ধার করতে পারি, কিন্তু প্রজন্ম ধ্বংস হয়ে গেলে জাতি রাষ্ট্র হিসেবে সামনে আমাদের অন্ধকার। মাদকাসক্ত সন্তান নিজের পরিবার ও দেশের জন্য সর্বনাশ ডেকে আনে।
ভাঙ্গা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সফি উদ্দীন মোল্লার সভাপতিত্বে ও কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক দিলীপ দাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ও ভাঙ্গা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান পান্না।







