শ্রীপুরে মালামাল বাকী না দেওয়ায় দোকান ভাংচুর ও গুলি,আহত ৫!

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় বাকিতে মালামাল না দেওয়াকে কেন্দ্র করে একটি দোকানে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় মাওনা চৌরাস্তার ‘নিউ জামালপুর গ্লাস এন্ড থাই অ্যালুমিনিয়াম ফ্যাব্রিকেটর’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকান থেকে বাকিতে পণ্য কেনাকে কেন্দ্র করে দোকান মালিকের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে একদল দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছুড়লে দোকানে থাকা অন্তত ৬ জন গুলিবিদ্ধ ও আহত হন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে শ্রীপুর থানার পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







