পুটখালী বাজারে পূর্ব শত্রুতার জেরে ব্যক্তিকে কুপিয়ে জখম

যশোরের বেনাপোল সীমান্তে পোর্ট থানার পুটখালী বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে আলম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে পুটখালী বাজারের মুসা চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আহত আলম হোসেন পুটখালী গ্রামের ছলেমান মোড়লের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একই এলাকার নিশান (২০), লিয়াকত মেম্বার (৫৫), আব্দুল হাকিম (৪৮), শফিক (৫৫), দেব (৫০) ও ইমন (২২) সংঘবদ্ধভাবে আলম হোসেনের ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো দা দিয়ে তার মুখে কুপিয়ে জখম করে এবং হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।







