কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক মাসুদ রানা রাশেদ

লালমনিরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ মাসুদ রানা রাশেদ।
২৮ জুলাই ২০২৬ তারিখে লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে জারি করা অনুমোদনপত্রে নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
১২ সদস্যের কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাপী রানী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মোছাঃ সাজিদা খাতুন, মৃনাল চন্দ্র, মোঃ আফছার আলী, মোঃ শেফাউল ইসলাম, মোছাঃ ফরিদা ইয়াছমিন, মোছাঃ আইরিন বেগম, মোঃ মাহাবুব আলম হৃদয়, মোঃ আব্দুর রহিম ও মোঃ আব্দুস সামাদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির মেয়াদ তিন বছর।
মোঃ মাসুদ রানা রাশেদ পেশাগত জীবনে সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক এবং বিভিন্ন আঞ্চলিক, জাতীয় ও অনলাইন গণমাধ্যমে লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার, কল্যাণ ও মর্যাদা প্রতিষ্ঠায়ও তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই তাঁর শিক্ষাজীবনের শুরু। পরে ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, লালমনিরহাট সরকারি কলেজ থেকে এইচএসসি এবং আদিতমারী ডিগ্রি কলেজ থেকে বিএ/বিএসএস ডিগ্রি অর্জন করেন। কলেজজীবন থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘদিন ধরে গণমাধ্যমে কাজ করছেন।
তিনি লালমনিরহাট প্রেসক্লাবের কার্যকরী সদস্য এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।
নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।





