খুলনা

খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের মহাসড়ক অবরোধ, চাঁদাবাজি বন্ধের দাবি

খুলনায় পুলিশি হয়রানি এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে মহাসড়কে ট্যাংকলরি রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিকরা।

খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা থেকে পথের বাজার পর্যন্ত আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে সকাল ৯টায় শ্রমিকরা খুলনা-যশোর মহাসড়কে অবস্থান নেন। এ সময় প্রায় এক কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ট্যাংকলরি শ্রমিকরা প্রথমে ফুলতলা থানার সামনে কর্মসূচি পালন করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। পরবর্তীতে খানজাহান আলী থানার পথের বাজার এলাকায় তারা মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী। জ্বালানি তেল পরিবেশক সমিতির সহ-সভাপতি শেখ মুরাদ হোসেন, খুলনা বিভাগীয় ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা মীর মোকসেদ আলী ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, কাগজপত্র যাচাইয়ের অজুহাতে পুলিশ ও প্রশাসন রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদাবাজি ও হয়রানি করছে। নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেল লোডের আগেই টার্মিনালে কাগজ পরীক্ষা করার নিয়ম। রাস্তায় গাড়ি থামানো বিপজ্জনক, কারণ প্রতিটি ট্যাংকলরিতে প্রায় ৯ হাজার লিটার দাহ্য পদার্থ থাকে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button