বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখম, হাতের রগ কাটার অভিযোগ

পটুয়াখালীর বাউফলে রমিজ মৃধা (৩৫) নামের এক যুবদল নেতার হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরকচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রমিজ মৃধা চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার মৃত পঞ্চম আলী মৃধার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ঘটনার সময় রমিজ স্থানীয় বেল্লাল মল্লিকের দোকানের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় প্রতিবেশী জিসান মৃধা (২০) এসে হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে রমিজের শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং হাতের রগ কেটে যায়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসী জানান, প্রায় এক সপ্তাহ আগে জিসানকে মাদক সেবনের অভিযোগে বকাঝকা করেছিলেন রমিজ। এর কয়েকদিন পর গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির অভিযোগে জিসানকে মারধর করা হয়। এ ঘটনার জের ধরেই রমিজের ওপর হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মামুনুর রশিদ বলেন, আহতের হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। পরীক্ষা-নিরীক্ষায় ধারণা করা হচ্ছে, তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







