বিদায় সংবর্ধনার দিনেই চিরবিদায়: প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যুতে শোক

অবসরজনিত বিদায় সংবর্ধনা দুপুরে, সব প্রস্তুতি সম্পন্ন। কিন্তু তার আগে ভোরেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এক শিক্ষক।
সোমবার (৩১ আগস্ট) ভোরে চাঁদপুর শহরের নিজ বাসায় অসুস্থ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নিহত তপন কুমার সাহা (৫৯) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
নিহতের সহকর্মী তানজিলা আক্তার বলেন, ‘দুপুরে স্যারকে বিদ্যালয় থেকে সংবর্ধনা ও স্মারক দেওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু এর আগেই ভোরে খবর পাই, স্যার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।’
আরেক সহকর্মী লিমা আক্তার বলেন, রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হন তপন কুমার সাহা। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বাকিলা ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল আলম বলেন, স্যারের বিদায় সংবর্ধনায় আমি অতিথি ছিলাম। স্যারকে অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানোর কথা ছিল। কিন্তু আজ তাকে চিরবিদায় দিতে হলো। তার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শিক্ষার্থীসহ আমরা সবাই ব্যথিত ও ভারাক্রান্ত।
তপন কুমার সাহার মৃত্যুতে রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।





